সীমা ব্যানার্জী রায় --
ফড়িং ডানা...
শোনো! আজ লিখি তোমায় ...
আমার জানলার বাইরে যে
ক্যামেলিয়া ফুলের গাছটা...
তাতে কুঁড়ি ধরেছে আনমনে
বরফ রঙের রোদে ডানা ভাসিয়ে
দুটো ফড়িং শুধু ভালোবাসাবাসি
করে দিনভোর।
তাই গোপনে জানাই...
আমার আনমনা চেয়ে থাকা
জানলার বাইরে দিয়ে...
বাতাস বয়ে যায়,
ভালবাসার গন্ধ নিয়ে।
এ কোনো উপমা নয়
চাইনিও মেলাতে আমি
শীত তো শোনে না কারো কথা
মাটিতেই পুঁতে রাখে নিজস্ব নীরবতা
চিন্তা শুধু কফি কিংবা চায়ে।
আমার ভাবনারা ছুটে বেড়ায়...
কিশোরী নদীর মতো বিস্মৃতির স্রোতে
একদিন আমিও ফড়িং ডানায়...
একদিন আমিও বরফ রোদে-
গা ভাসাবো তোমার দিকে চেয়ে ।
শেষে লিখি তোমায়...
তুমি ভয় পেয়ো না,
আমি বহু দূরে আছি...
শুধু একবার বলো,
তুমি আমাকেই ভালবাসো।
সত্যি বলছি নির্ভয়, কোনদিন আর
কিছু চাইব না...
কবিতাটি পড়লাম। বেশ ভালো লাগলো। ভাব ভাবনায়, শব্দ বিন্যাসের চমৎকারীতা নজরে আসে।
ReplyDelete