ডাঃ অরুণ চট্টোপাধ্যায়ের দুটি কবিতা --
১ বসন্ত আছে বলে
বসন্ত আছে বলে
বাতাস বইছে বনে,
কান পেতে শোন
কুহু রব কোণে কোণে।
ঊষা গোধূলির রঙ চুরি করে
শিমুল পলাশ সাজছে,
গর্বের হাসি কৃষ্ণচূড়ায়
মাথায় রঙের তাজ যে!
শুকনো পাতার মর্মর ধ্বনি
এ নয় দীর্ঘশ্বাস।
পুরাতন গিয়ে আসবে নতুন
এ তো তার আশ্বাস।
জীবন পথের নতুন প্রবাহ
মনে দোলা দিয়ে যায়,
সবুজ পাতায় রঙের শোভা
জীবনের গান গায়।
বসন্ত আছে বলে
জীবনটা আছে ছন্দে,
রিক্ত হস্ত পূর্ণ হৃদয়
আছে মহা নন্দে।
মনে মনে আজ মনমর্দন
ভালবাসা যারে কয়,
মানুষে মানুষে বন্ধন থাক
শত্রুরা হবে ক্ষয়।
২
দিনগুলো সব পালটে যাচ্ছে
দিনগুলো সব পালটে যাচ্ছে কেমন
আবহাওয়ার সঙ্গে সঙ্গে।
গল্পগুলো পালটে হয়েছে কল্পবিজ্ঞান-
রোবটের গল্প লিখছে রোবটেরাই।
অনুভূতিগুলোর ডাইস তৈরি হচ্ছে নানা,
ইমোজিগুলো এক নিমেষেই
ঢুকে যাচ্ছে মনে।
ছাঁচে ঢালা প্রেম বাঁচে না বেশিদিন-
রোমাঞ্চ আছে রোমান্স নেই।
আকুতিহীন সম্পর্কগুলো
মড় মড় করে ভাঙ্গে।
হৃৎপিণ্ডে হৃদয় তবু খুঁজে বেড়ায় ক্ষ্যাপা
পরশপাথরের সন্ধানে।
No comments:
Post a Comment