Friday, 4 March 2022

নীলম সামন্তর দুটি কবিতা --

নীলম সামন্তর দুটি কবিতা -- 

১ কোন আপোষ না 

কোন আপোষ না৷ 
যে গাছ কেটে কফিন তৈরি হয় 
তার গোড়ায় পুঁতে দিও পাপপুণ্যের উন্মাদনা৷ 

গতকাল বলেছিলাম রোদ বিক্রির কথা।
আজ বাজারে গিয়ে দেখছি 
মেঘের দুহাতে রক্ত লেগে। 
খালপোশ ছাগলটাও ঝুলছে একই রকম। 

তুমি বিশ্বাসঘাতকতার কথা বলছো? 

ওরা বাগানের সওদা করে নেয়
ভোর হতে না হতেই,
মুখ তুলে, 
চোখ খুলে, 
হাসতে হাসতে দরজা খুলে ঢুকিয়ে নেয় 
প্রেমিকার পায়ের ছাপ
.
.
২ চিঠি


আজও যারা চিঠি লেখে তাদের মুখের ওপর নতুন জন্মের মতো ভোর হয়। অনেক কিছুই জানেনা তারা; ঘরবাড়ি, বাগান,পুকুর, এমনকী আবর্তে কাটানো মেঘের বন্দিদশা৷ অথচ পাহাড়ের গা বেয়ে আপেল গড়িয়ে পড়লে চাপা আর্তনাদ ভরে দেয় খামের ভিতর।

আমি শুধু অত্যাধুনিক ট্যাটুর কথা বলেছিলাম। বহুদিনের পুরানো খাম থেকে উড়ে গেলো অট্টহাস্যের পালক। চিঠিগুলো পড়ে থাকছে যে যার মতোন নিজেকে ভাঁজ করে বছরের পর বছর৷ 

কী জানি কি লেখা হয় চিঠির নামে।
.
.
নীলম সামন্ত
সিদ্ধা, পূর্ব মেদিনীপুর 
৭২১১৫১
ফোন নম্বর - ৮১০৪৩৩৩০৮৭

No comments:

Post a Comment

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...