Friday, 4 March 2022

কৌশিক গাঙ্গুলির গুচ্ছ কবিতা--


কৌশিক গাঙ্গুলির গুচ্ছ কবিতা--


"ক্লান্ত পথিক"


জীবনের হালখাতা লিখতে লিখতে

ক্লান্ত এই পথিক টাকার পিছনে

দৌড়াতে ভুলে গেছে,

তার মাশুল গুনতে গুনতে

আজ মৃত্যুর হাতছানি

তাকে ডাকে,  সাহসে ভরসা নেই,

নেই ঝুঁকি নেওয়ার মন,

 ভালোবাসা না পেয়ে কান্না আর জটিলতা

সবুজ সঙ্কেত দেয় কোন রকমে বেঁচে থাকার।


ছবি 

তাকে খুঁজে বেড়াই এলোমেলো 

যেতে যেতে কত মুখ ভাসে ... 

পাল্টে যায় চারিপাশ , মুখেরা 

অনেক না জানা কথা  গোপন থেকে যায় গোপনে , তাই ছেঁড়া পাতায় যা আঁকি ছবি টা অচেনা লাগে ... । 

@ কৌশিক গাঙ্গুলি ।

কৌশিক গাঙ্গুলির কবিতা--

১ - 

ব্যাকরণ জ্ঞান জীবনের কাজে লাগে না । 

মিথ্যায় মিথ্যায় সমাজটা ভাঙছে । 

বিবেক আর বোধ 

নিজেদের চিনতে পারছে না ।

২ - 

যারা ভয় দেখায় 

তারাও ভয় পায় 

ভয়ের খাতিরে মিশে থাকে 

কষ্ট । 

 ভালোবাসা পাওয়া সহজ নয় ।


"যারা আর নেই "


- কৌশিক গাঙ্গুলী । 

চিতাতেই শেষ হয়ে যাচ্ছে 

নগর সভ্যতার প্রতীকেরা । 

মানুষের বড় লোভ 

তাই খুব দৌড়াচ্ছে , 

বিষাক্ত নিশ্বাসে 

ভারি হচ্ছে বাতাস , 

দমবন্ধ পরিবেশে 

শুধু কান্না এসে 

ভাসিয়ে নিয়ে যাচ্ছে । 

আমরা কি এমন ভাবেই 

বাঁচতে চেয়েছিলাম ? 

এই অন্ধকারের বিলাসি আলোর বলাৎকারে আর কর্কশ চীৎকারে ভেদবমি করতে করতে কুৎসিত দেহগুলো নেচেই চলেছে নিজেদের ভিড়ে তবু কিছু মানুষ একটু আলাদা , একটু শুদ্ধ বাতাসের সন্ধানে 

সূর্যের আলো তাদের ঘিরে রাখে , তাদের বিদায়ে বড় ফাঁকা লাগে , শূণ্যতা গ্রাস করে নগর সভ্যতাকে , বিকৃতির অন্ধকার বেড়ে যায় ক্রমশঃ ।


"ধূসর প্রান্তর"


লাশের মিছিল আমাকে বিব্রত করছে

পাগলা হাওয়ার মতন

মহামারী না গণহত্যা?

কিছু ভালো লাগছেনা,

আমার মন ভালো নেই।

ভালোবাসার দিনে চোখে জল,

কালো দিন।

যে সব সৈন্যরা সেদিন মারা গিয়েছিল বিস্ফোরণে

 তাদের মধ্যেও নিজেকে খুঁজছিলাম

 গঙ্গার ধারে বসে একা একা, রবীন্দ্র গান

 আমাকে শান্তি দিতে পারো, প্রেম দিতে পারো কবিতা।

 ঈশ্বর কি জানে আমার কান্নার মধ্যে যে যন্ত্রনার উপকথা লুকিয়ে থাকে  তার প্রতিটি স্তরে  একটা অপমান তাকিয়ে থাকে।

ভুল হয়েছিল, ভুল হয়ে গেল সব

শূন্যতাকে ঘিরে রাখে ধূসর প্রান্তর।

তবু আগুন ছুঁয়ে সব সত্য আর মিথ্যা কে

ঘিরে মাকড়সার জালের মতন নীল স্বপ্নগুলোকে

ছুঁড়ে ফেলে পালাতে থাকি নিজের থেকে,

যদি নিজেকে কোনদিন খুঁজে পাই

অনন্ত মানবিক স্রোত থেকে যেখানে কোনো গোপন কথা থাকবে না,

থাকবেনা হিংসা,লোভ,প্রবঞ্চনার চিহ্ন,

কেউ কারোর ক্ষতি করে বিকৃত আনন্দ নিয়ে 

এগিয়ে যাবে না সাফল্যের রাস্তায়।

হে ঈশ্বর আমার আর কাঁদতে ভালো লাগে না

আমারও তো আনন্দের অধিকার আছে,

আছে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার।

No comments:

Post a Comment

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...